দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (BDTHAIFOOD) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ বিনিয়োগ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে।
গতকাল রবিবার (২৬ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় একই সঙ্গে আইপিওর অর্থ ব্যবহারের ঘোষিত সময়সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ২০২১ সালে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানির উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এ অর্থ বিনিয়োগ করার কথা। এই নিয়ে তৃতীয় বারের মত পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন অনুসারে, আইপিওর অর্থ প্রসপেক্টাসে বর্ণিত খাতের পরিবর্তে অন্য খাতে ব্যবহার করতে হলে এবং এ অর্থ ব্যবহারের সময়সীমা বাড়াতে চাইলে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে হয়। তাদের সম্মতি পাওয়া গেলে চূড়ান্ত অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করতে হয়।
আইপিওর অর্থ ব্যবহার সংক্রান্ত নতুন পরিকল্পনার বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি জানতে আগামী ১৪ জুলাই ২০২৪, সকাল সাড়ে ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুন ২০২৪।