বাংলাদেশের শেয়ারবাজারকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত সেই সময় এখন সামনে এসেছে, যখন দেশের শেয়ারবাজার অর্থনীতিতে তার প্রকৃত ও কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মমিনুল ইসলাম বলেন, বর্তমান সময়টি পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সরাসরি বাজারসংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছে, পুঁজিবাজারের উন্নয়নে কী কী প্রয়োজন। এর প্রেক্ষিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারের কাছে তুলে ধরা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, নীতিনির্ধারণে পুঁজিবাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, সরকারকে বাজারের সক্রিয় অংশীদার হিসেবে ভূমিকা রাখতে হবে এবং একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক কমিশন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে পুঁজিবাজারভিত্তিক অর্থায়ন ব্যবস্থাকে শক্তিশালী করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের ইতিবাচক উদ্যোগ বাজারে নতুন আশার সঞ্চার করেছে।
ডিএসই চেয়ারম্যান আরও বলেন, নতুন বিএসইসি কমিশনে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত সুনাম বাজারের অংশীজনদের মধ্যে আস্থা তৈরি করেছে। তাদের নেতৃত্বে পুঁজিবাজারে কাঙ্ক্ষিত সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “বাংলাদেশের শেয়ারবাজার অর্থনীতিতে যে ভূমিকা রাখার কথা, এবার সেই ভূমিকা রাখবে। পুঁজিবাজারের সুদিন আসছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। তিনি তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, ভবিষ্যতে প্রতি তিন মাসের বিস্তারিত আর্থিক প্রতিবেদনের পরিবর্তে ছয় মাস অন্তর পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশের বিষয়ে কমিশন কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিকসহ পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।