শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসিR(JAMUNABANK) অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে।
গত বৃহস্পতিবার ব্যাংকটির পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ব্যাংকটির মূল্যসংবেদনশীল তথ্যে এটি জানা গেছে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৮২ কোটি ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১৫৪ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ২০ লাখ ৭ হাজার ১৬৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৫.৬৫ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.৮১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.২০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৯.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটি ২৬ শতাংশ (১৭.৫০ শতাংশ নগদ ও ৮.৫০ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২.৯১ টাকা । আগের হিসাব বছরে যা ছিল ১.৯৫ টাকা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪.৬৭ টাকা ।