বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও বহুমাত্রিক রূপ পাবে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
চীন সফরের শেষ দিন শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরে তার সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর শুরু হয়। পরে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ান সফর করেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গত বুধবার তিনি বেইজিং পৌঁছান।
সফরের শেষ দিনের কর্মসূচিতে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনের সূচি রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।