রফতানিমুখী শিল্পের জন্য এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) থেকে অর্থায়ন পেতে ব্যাক টু ব্যাক এলসির আওতায় স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো লোকাল ডেলিভারি বিল বকেয়া থাকলে সংশ্লিষ্ট রফতানিকারকের ইডিএফ অর্থায়নের আবেদন বিবেচনা করবে না অথরাইজড ডিলার (এডি) ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ (এফইপিডি-১) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশের সব এডি ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল পরিশোধ এবং ইডিএফ অর্থায়নের ক্ষেত্রে ওভারডিউ নির্ধারণের সময়সীমা একই কাঠামোর আওতায় এলো।
ইডিএফ অর্থায়নের আগে ওভারডিউ যাচাই
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৩ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ২৪-এর ৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ইডিএফ ঋণের আবেদন পাঠানোর আগে সংশ্লিষ্ট এডি ব্যাংককে ডিমড এক্সপোর্টারের ওভারডিউ স্ট্যাটাস যাচাই করতে হয়।
অন্যদিকে, ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ৩০-এর পার্ট-জি-এর ২(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ব্যাক টু ব্যাক ইমপোর্ট এলসি ইউজেন্স ভিত্তিতে সর্বোচ্চ ২৭০ দিনের জন্য খোলার অনুমতি রয়েছে।
২৭০ দিনের বেশি বিল বকেয়া রাখা যাবে না
নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এলিজিবল প্রডিউসারদের বাল্ক ইমপোর্টের বিপরীতে এডি ব্যাংকগুলো ইডিএফ ফাইন্যান্স বিবেচনা করতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হলো, ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে স্থানীয় ডেলিভারি বিল ২৭০ দিনের বেশি সময় আউটস্ট্যান্ডিং থাকা যাবে না।
অর্থাৎ, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে স্থানীয়ভাবে কাঁচামাল বা অন্যান্য উপকরণ সংগ্রহের পর সংশ্লিষ্ট বিল ২৭০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এর বেশি সময় বিল বকেয়া থাকলে সেটিকে ওভারডিউ হিসেবে বিবেচনা করা হবে।
ফলে ইডিএফ অর্থায়ন পেতে রফতানিকারকদের ব্যাক টু ব্যাক এলসির আওতায় স্থানীয় সরবরাহের বিল নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইডিএফ অর্থায়নের আবেদন বিবেচনার আগে এডি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট রফতানিকারকের লোকাল ডেলিভারি বিলের বকেয়া পরিস্থিতি যাচাই করতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।