পুঁজিবাজারে স্থগিত (ফ্রিজ) থাকা বেশ কিছু বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের ওপর আরোপিত লেনদেনসংক্রান্ত বিধিনিষেধ আংশিক শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট বিও হিসাবধারীরা এখন থেকে শেয়ার কেনাবেচাসহ স্বাভাবিক ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে এসব হিসাব থেকে নগদ অর্থ উত্তোলন ও সম্পদ স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত কমিশনের এক জরুরি সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসইসি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিগত বিনিয়োগকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে কমিশন তাদের বিও হিসাবের ওপর আরোপিত স্থগিতাদেশ আংশিকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসির মুখপাত্র জানান, নতুন সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট বিও হিসাবধারীরা শেয়ার কেনাবেচা ও অন্যান্য ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মার্জিন সুবিধাও সমন্বয় করতে পারবেন। তবে এসব হিসাব থেকে সরাসরি নগদ অর্থ উত্তোলন কিংবা অন্যত্র অর্থ ও সম্পদ স্থানান্তরের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অর্থাৎ, অবরুদ্ধ বিও হিসাবগুলোতে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ ফিরলেও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা আপাতত তাঁদের অর্থ উত্তোলন বা সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন না।