চলতি মাসে টানা দরপতনের মধ্যে আজ রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক শুরুতে বড় ধরনের ধাক্কা খেলেও শেষ বেলায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। দিনশেষে সূচক বেড়েছে সাড়ে ২৯ পয়েন্ট।
তবে বাজারে লেনদেন কমে আসায় বিনিয়োগকারীদের উদ্বেগ কাটেনি, তা স্পষ্ট প্রতীয়মান।
আজ রবিবার (১৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯.৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮.১৬ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯.২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬টি কোম্পানির, ১১৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
চলতি মাসের প্রথম কর্মদিবস ০২ নভেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ১২২ পয়েন্ট। এরপর টানা দরপতনে গত বৃহস্পতিবার সূচক নেমে আসে ৪ হাজার ৭০২ পয়েন্টে। সেদিন ১২৩ পয়েন্ট পতন—ডিএসইতে সাম্প্রতিক সময়ের রেকর্ড দরপতনের একটি। সেই ধারাবাহিকতায় আজ রোববার লেনদেন শুরুর পর সূচক আরও ৮২ পয়েন্ট পড়ে যায়, যা বাজারকে আবারও অতিমাত্রায় অস্থির করে তোলে।
বাজার বিশ্লেষকদের মতে, সূচক ঘুরে দাঁড়ানো বাজারের ইতিবাচক সঙ্কেত হলেও লেনদেন কমে যাওয়ার বিষয়টি এখনও আস্থার সংকটেরই প্রতিফলন। বাজারকে স্থিতিশীল করতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।