বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনা (পিওর গোল্ড) ও রৌপ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা। এছাড়া ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণালংকারের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২০ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৭ হাজার ১৬৫ টাকা।
এর আগে গত শনিবার (২৮ মার্চ) বিকালে বাজুস সর্বশেষ সোনার দাম নির্ধারণ করেছিল। তখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৪ টাকা। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকার কেনার সময় ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।