মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। প্রতিদিনই রেকর্ড ভাঙছে এর দাম।
বর্তমানে এটি ৯০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, বিশ্বের জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম মঙ্গলবার ৮৯ হাজার ৬৩৭ মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। নির্বাচনের দিন থেকে মুদ্রাটির দাম ২৫ শতাংশের বেশি বেড়েছে।
ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এ ডিজিটাল মুদ্রা-বান্ধব নীতি নেবেন — এমন প্রত্যাশা থেকেই বাড়ছে বিটকয়েনের দাম। মূলত নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নেয়ায় এর দাম ঊর্ধ্বমুখী।
ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পরপরই বিটকয়েনের দাম ৭৫ হাজার ডলার ছাড়িয়ে যায়। বিশেষ করে ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোকারেন্সিবান্ধব নীতিমালা নিয়ে আসবেন এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনবেন।
বিনিয়োগকারী ও ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অধীনে ওয়াশিংটন আরও ক্রিপ্টো-বান্ধব নীতির দিকে ঝুঁকবে। বিটকয়েনের মূল্যবৃদ্ধির এ গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টোকারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, ‘ট্রাম্প এই শিল্পের সমর্থক। এটি স্পষ্টতই তার বাণিজ্যনীতির ফল। এর ফলে ক্রিপ্টো শেয়ার ও মুদ্রার চাহিদা আরও তৈরি হবে। নির্বাচনের ফলাফল আসার সময় বিটকয়েন সর্বোচ্চ দামের কাছাকাছি লেনদেন করছিল। এর মানে এটি আরও ঊর্ধ্বমুখী হতে পারে।’
উল্লেখ্য, ব্লকচেইন প্রযুক্তির ওপর ভিত্তি করে ক্রিপ্টো মুদ্রার একটি বিকেন্দ্রীভূত সিস্টেম হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এটির দাম ওঠানামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে এ কারেন্সি মার্কেটে আসে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।