চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই বছরের মুদ্রানীতিতে প্রত্যাশিত ভাবে রেপো হার বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ব্যাংক ঋণের বেঁধে দেয়া সুদহারের সর্বোচ্চ ৯ শতাংশের সীমা তুলে দেয়া হয়ে হয়েছে।
আজ ১৮ই জুন ২০২৩, বেলা ৩ টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি ২০২৩-২৪ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেন। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে। তাতে রেপো হার ৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬.৫০ শতাংশে উঠবে। সেই সঙ্গে রিভার্স রেপো হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে ৪.২৫ থেকে বৃদ্ধি পেয়ে তা হবে ৪.৫০ শতাংশ।
উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় গত বছর থেকেই রেপো হার বাড়াতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে তখন থেকেই বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার সীমা তুলে নেওয়ার আলোচনা হচ্ছে। এবার মুদ্রানীতি ঘোষণায় বলা হয়েছে, নীতি সুদহার বৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার সীমাও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সুদহার সীমার বদলে প্রতিযোগিতামূলক ও বাজারভিত্তিক সুদহার কার্যকর হবে, যদিও তার মার্জিন থাকবে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতি বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে , এর মধ্য দিয়ে সমাজে অতিরিক্ত মুদ্রার সরবরাহে রাশ টানা হবে। মূল্যস্ফীতি মোকাবিলায় এই সিদ্ধান্তও কাজে আসবে বলে ধারণা করছে।