সাফ শিরোপা ধরে রাখল বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
এটা ছিল ২০২২ সাফ ফাইনালের পুনরাবৃত্তি। গতবারও ফাইনালে লড়াই হয় এ দুটি দেশের এবং শেষ হাসি হেসেছেন সাবিনা, সানজিদা, মনিকারা। এবারো দেশকে সাফ শ্রেষ্ঠত্ব এনে দিলেন তারা।
দুই বছর আগে দশরথ রঙ্গশালাতেই নেপালকে কাঁদিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। নেপাল আজ আবার কাঁদল। এ নিয়ে ছয়বার সাফের ফাইনালে হারল নেপাল।
স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছেন লাল–সবুজের অদম্য মেয়েরা। দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি ছেলেরা দেখাতে পারেননি কখনো। সাবিনা খাতুনের নেতৃত্বে পেরেছেন মেয়েরা।