প্রায় দুই বছর পর নীতিগত সুদহারে (পলিসি রেট/রেপো রেট) পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৯.৫০ শতাংশে নির্ধারণ করেছে। নতুন এ হার আগামী ২ আগস্ট (শনিবার) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে অর্থনৈতিক কার্যক্রম ও বেসরকারি খাতে বিনিয়োগে গতি আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে রেপো রেট ৯.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় একই হার বহাল ছিল। এমনকি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতেও ১০ শতাংশ নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে মাত্র এক মাসের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এবার সুদহার কমানো হলো।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (SLF)-এর হারও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১.৫০ শতাংশ থেকে ১১ শতাংশে নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (SDF)-এর হার ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, নীতি সুদহার কমানোর ফলে ব্যাংকগুলোর তহবিল সংগ্রহের ব্যয় কিছুটা কমতে পারে। এর প্রভাবে ধীরে ধীরে ঋণের সুদহারেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যা বেসরকারি বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমে গতি আনতে সহায়ক হতে পারে। তবে উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা আগামী কয়েক মাসের অর্থনৈতিক সূচকের ওপর নির্ভর করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।