বহুল সমালোচিত এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নজরুল ইসলাম মজুমদার ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর বহু বছর সভাপতি ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রেখে আসছিলেন তিনি।
নজরুল ইসলাম মজুমদারে নামে অনেক অভিযোগ আছে তার মধ্যে অন্যতম অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বহূবছর, ক্ষমতার অপব্যবহার করে, তিনি নামে বেনামে বহু মানুষদের লোণ দিয়েছেন যার মধ্যে অনেকেই লোণ পাবার উপযুক্ত ছিলেন না।