রাজধানীতে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, পর্যায়ক্রমে বন্ধ কলকারখানাগুলো চালু করে বেকার শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বন্ধ কারখানা চালুর বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারণ করা হয়েছে। সেখানে কারখানাগুলো কীভাবে দ্রুত চালু করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে দেশের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে।”
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শিল্পখাত দুর্বল করা হয়েছে এবং অর্থনীতিকে আমদানিনির্ভর করে তোলা হয়েছে। তার মতে, শিল্পকারখানা পুনরুজ্জীবিত করা গেলে দেশের অর্থনীতি আবারও শক্তিশালী হবে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে নতুন বিনিয়োগ আকর্ষণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এতে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কর্মসংস্থান বাড়বে।
এ সময় ঢাকা শহরের হকার উচ্ছেদ প্রসঙ্গেও কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, শুধু উচ্ছেদ নয়, হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে তাদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।