আবারও বাড়ছে আমানত বাংলাদেশের ব্যাংক খাতে। আগস্ট ২০২৫ পর্যন্ত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকে আস্থা ও রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলেই এই ইতিবাচক প্রবণতা।
মানুষের হাতে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরছে। এতে বাড়ছে ব্যাংক আমানতের পরিমাণ। সবশেষ হিসাবে, গেল আগস্ট মাস শেষে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোর পর্ষদ পরিবর্তনসহ নানা সংস্কারের ফলে গ্রাহকের আস্থা বেড়েছে। টেকসই আমানত প্রবৃদ্ধির জন্য ব্যাংক খাতের স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।
গেল বছর জুলাই অভ্যুত্থানের পর ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি ও পাচারের তথ্য বেরিয়ে আসতে থাকে। তারল্য সংকটে কিছু ব্যাংক চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে না পারায় গ্রাহকের আস্থা কমতে থাকে। ফলে আমানত রাখার পরিবর্তে উল্টো ব্যাংক থেকে গ্রাহক টাকা তুলতে থাকে। এতে কমে ব্যাংকে গ্রাহকের আমানতের পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দীর্ঘ ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে পৌঁছেছে। চলতি বছরের আগস্ট মাস শেষে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আগস্ট শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ কোটি টাকার বেশি। গেল বছর একই সময়ে যা ছিল ১৭ লাখ ৩১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলছেন, ট্রেজারি বিল ও বন্ডে সুদ কমে যাওয়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সেখানে বিনিয়োগ কমিয়ে ব্যাংকে আমানত রাখছেন। এ ছাড়া রেমিট্যান্স প্রবাহের কারণে টাকার সঞ্চালন বেড়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।