বিশ্বকাপ শেষে কয়েক দিন পরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৮শে নভেম্বর। অথচ বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে এখন পর্যন্ত বিসিবির আনুষ্ঠানিক কোন পর্যালোচনা নেই। কোচ, অধিনায়ক বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে এখনো এ নিয়ে কোনো আলোচনাই হয়নি বোর্ডের।
বিসিবি আসলে সব আলোচনা তুলে রেখেছে আসন্ন বোর্ড সভার জন্য। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসবে, যেখানে মূল আলোচ্য বিষয়ই হবে বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্স।
সেই বোর্ড সভার কানাঘুষা অবশ্য এরই মধ্যে ছড়িয়েছে। জানা গেছে, কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে তোপ দাগাতে এককাট্টা বিসিবির বেশির ভাগ পরিচালক। দল গঠন থেকে শুরু করে বারবার ব্যাটিং অর্ডার বদল এবং এসবের হাত ধরে বিশ্বকাপে চরম ব্যর্থতার জন্য কোচের ওপরই মূল দায়টা দিচ্ছেন তাঁরা।
বোর্ড সভায় অনতিবিলম্বে কোচ পরিবর্তনেরও দাবি তোলা হতে পারে। যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়াটা অত সহজ হওয়ার কথা নয়। চুক্তির মাঝপথে সরিয়ে দিলে তাঁকে মোটা অঙ্কের ক্ষতিপূরণও দিতে হবে। অবশ্য এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসানের মনোভাব এখন পর্যন্ত পরিচালকদের কাছেই স্পষ্ট নয়।
বিশ্বকাপের পর দলের সঙ্গে ফিরে কয়েক দিন ঢাকায় থেকে গিয়েছিলেন হাথুরুসিংহে। এরপর অস্ট্রেলিয়ায় চলে গিয়ে কাল আবার ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে। ঢাকায় নিউজিল্যান্ড দল, খেলবে দুটি টেস্ট
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তার কথাতেও কাল মিলেছে সে আভাস, ‘বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স, কোচিং স্টাফ সদস্যদের পারফরম্যান্স, বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন—এ রকম অনেক কিছু নিয়েই বিতর্ক হচ্ছে। এসব কেন হলো, তা নিয়ে আমরা বোর্ড সভায় কথা বলব।’ কোচের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘নিশ্চয়ই কোচও একটা রিপোর্ট দেবেন। সেটা দেখার পরই হয়তো তাঁর সঙ্গে আলোচনা হবে।’