অন্যতম প্রভাবশালী আবাসন কোম্পানি থেকে সবচেয়ে ঋণগ্রস্ত কোম্পানিতে পরিণত হয়েছে চীনের এভারগ্র্যান্ড। ৫ হাজার ১০০ কোটি ডলারের বাজার মূল্য বর্তমানে নেমেছে মাত্র ২৮ কোটি ২০ লাখ ডলারে। দেউলিয়া হয়ে পড়া কোম্পানিটি এবার বাদ পড়ছে হংকং স্টক এক্সচেঞ্জ থেকে।
এভারগ্র্যান্ডের এই তালিকাচ্যুতিকে চীনের আবাসন খাতের স্বর্ণ যুগের ইতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আকাশ ছোঁয়া দালান, ঝকঝকে অ্যাপার্টমেন্ট। গত শতকের ৯০’র দশকে চীনের অর্থনীতিতে বড় অবদান রাখতে শুরু করে নির্মাণ ও আবাসন খাত। ১৯৯৭ সালে দেশটির আবাসন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্র্যান্ড।
২০০৯ সালে এভারগ্র্যান্ড নাম লেখায় হংকং স্টক এক্সচেঞ্জে। খুব দ্রুত শেয়ারের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে। কোম্পানির বাজারমূল্য ৯০০ কোটি ডলার থেকে বেড়ে দাঁড়ায় প্রায় ৫ হাজার ১০০ কোটি ডলারে। এরপর উল্টে যায় মুদ্রা; বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন কোম্পানি হিসেবেও নাম লেখায় এভারগ্র্যান্ড।
২০২১ সালে প্রথমবার ঋণখেলাপি হয় এভারগ্র্যান্ড। একই বছর যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষিত হয় কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির বাজার মূল্য নেমে এসেছে মাত্র ২৮ কোটি ২০ লাখ ডলারে। যে কোম্পানিটির শেয়ার এক সময় বিক্রি হত ৩১ দশমিক ৩৯ হংকং ডলারে, সর্বশেষ যখন ১৯ মাস আগে শেয়ার হাতবদল হয়, তার মূল্য ছিল কেবল দশমিক ১৬ হংকং ডলার।
কোম্পানিটির বিরুদ্ধে ২০২৪ সালের জানুয়ারিতে লিকুইডেশনের আদেশ দেন আদালত। এরপর থেকেই শেয়ার লেনদেন বন্ধ। আর ২৫ আগস্ট; হংকং স্টক এক্সচেঞ্জ থেকে চিরতরে বাদ পড়ছে এভারগ্র্যান্ড।
এক সময় চীনের মোট জিডিপির এক-চতুর্থাংশ অবদান ছিল আবাসন খাতের। এভারগ্র্যান্ডের এই তালিকাচ্যুতিকে শুধু একটি কোম্পানির তালিকাচ্যুতিই নয়, চীনের আবাসন খাতের স্বর্ণযুগের ইতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।