অর্থ লিপি

৮ জুন ২০২৬ সোমবার ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কা আবারও জোরালো হওয়ায় বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এর ফলে আগের দিনের বড় ধরনের লোকসানের ধারাও আরও সম্প্রসারিত হয়েছে।

একই সময়ে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, যা মুদ্রাস্ফীতির চাপ ও সুদের হার নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২১ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।

এর আগের শুক্রবার দাম প্রায় ৩ শতাংশ কমে ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। ওই পতনের পেছনে মূল ভূমিকা রাখে প্রত্যাশার চেয়ে ভালো মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন, যা সুদের হার বাড়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। একই দিনে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪৫ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈরুতের উপকণ্ঠে হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানাবেন।

সোমবার তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। এতে মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা আরও বেড়ে গেছে, যা বিশ্ববাজারে স্বর্ণের ওপর চাপ তৈরি করছে। ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট বেথ হ্যামাক বলেছেন, সাম্প্রতিক কর্মসংস্থান তথ্য অনুযায়ী শ্রমবাজার এখন মোটামুটি ভারসাম্যপূর্ণ এবং প্রায় পূর্ণ কর্মসংস্থানের কাছাকাছি। তবে দীর্ঘস্থায়ী উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডকে শিগগিরই সুদের হার বাড়াতে হতে পারে।

মে মাসে মার্কিন অর্থনীতিতে টানা তৃতীয় মাসের মতো শক্তিশালী কর্মসংস্থান প্রবৃদ্ধি হয়েছে। এতে শ্রমবাজার আবার গতি ফিরে পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে বাড়তে থাকা মুদ্রাস্ফীতির মধ্যেও ফেডকে সুদের হার স্থিতিশীল রাখার সুযোগ তৈরি হয়েছে।

অন্যদিকে, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার তথ্য অনুযায়ী, মে মাসে টানা ১৯তম মাসের মতো দেশটির স্বর্ণের রিজার্ভ বেড়েছে। বর্তমানে চীনের স্বর্ণের রিজার্ভ দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৯৬ মিলিয়ন ফাইন ট্রয় আউন্সে।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে ভারতে সোনার চাহিদা কম ছিল, কারণ আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতার কারণে ক্রেতারা অপেক্ষা করেছেন। একই সময়ে চীনে সোনার প্রিমিয়ামও কিছুটা কমেছে। ২ জুন সমাপ্ত সপ্তাহে সোনার ফটকাবাজরা তাদের নেট লং পজিশন ১৪ হাজার ৪০৯টি কন্ট্রাক্ট বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৩৪১-এ উন্নীত করেছে।

এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।